প্রেমিকাকে যৌনপল্লিতে বিক্রি, বিয়ে করলেন চাকরিজীবী যুবক
প্রেমিকের কথায় বাড়ি ছাড়েন ১৮ বছরের তরুণী। সরল মনে ঘর ছাড়লেও প্রেমিকাকে টাকার বিনিময়ে যৌনপল্লিতে রেখে আসেন প্রেমিক। তবে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবার। থানায় জিডিও করা হয়। অবশেষে তরুণীকে উদ্ধার করে পুলিশ। কিন্তু যৌনপল্লিতে বিক্রি হওয়া সেই তরুণীকে বিয়ে করতে চান চাকরিজীবী এক যুবক।
ঘটনাটি কুমিল্লার। মঙ্গলবার বিকেলে মেঘনা থানা পুলিশের মধ্যস্থতায় দুই টাকা কাবিনে এ বিয়ে হয়। যুবকের নাম বিল্লাল হোসেন। তিনি একটি ডেইরি ফার্মে চাকরি করেন।
জানা গেছে, পাবনার যৌনপল্লিতে থাকতেই বিল্লালের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। মেয়েটি উদ্ধারের পর মেঘনা থানায় এসে বিয়ের প্রস্তাব দেন বিল্লাল। পরে তরুণীর বাবা-মাকে খবর দিয়ে থানায় এনে বিষয়টি জানানো হয়। এতে তারা রাজি হন। এরপর দুই লাখ টাকা কাবিনে মঙ্গলবার তরুণীর বাড়িতেই বিয়ে হয় তাদের।
.png)
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, মেঘনা এলাকায় কাজ করতে আসা কাউসার নামে এক রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। ১৯ নভেম্বর কাউসারের ফাঁদে পড়ে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। পরে তাকে নিয়ে পাবনার একটি যৌনপল্লিতে বিক্রি করে দেন প্রেমিক কাউসার। মেয়েকে খুঁজে না পেয়ে ৪ ডিসেম্বর মেঘনা থানায় একটি জিডি করে ভুক্তভোগীর পরিবার।
ওসি বলেন, জিডির দায়িত্ব পান মেঘনা থানার এসআই মোশাররফ হোসেন। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে পাবনা শহরের একটি যৌনপল্লি থেকে পাবনা থানা পুলিশের সহায়তায় তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশের মধ্যস্থতায় এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় প্রেমিক কাউসারকে খুঁজছে পুলিশ। তাকে খুঁজে পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।