ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘কোল থেকে নামিয়ে গিয়েছিলাম ঘরে, এসে দেখি সে নেই’

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৩ জানুয়ারি ২০২৩
‘কোল থেকে নামিয়ে গিয়েছিলাম ঘরে, এসে দেখি সে নেই’
ছবিতে শিশু আলী ইমরান

‘কোল থেকে নামিয়ে গিয়েছিলাম ঘরে, এসে দেখি সে নেই। ১০ থেকে ১৫ মিনিট পর ফিরে এসে দেখি সে নিখোঁজ। আমাদের কোনো শত্রু নেই, কারো সঙ্গে দ্বন্দ্বও নেই। অথচ বাড়ির দক্ষিণ পার্শ্বে একটি নির্জন ডোবায় তার লাশ পাওয়া গেছে।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন তিনদিন আগে নিখোঁজ হওয়া দুই বছর বয়সী শিশু আলী ইমরানের নানি পিয়ারা বেগম। 

মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার খাইয়ার গ্রামের জাকির মাস্টারের বাড়ির দক্ষিণ পার্শ্বের একটি ডোবা থেকে শিশু আলীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নিহত আলী ইমরান দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের আজিজ মিয়ার বাড়ির দুবাই প্রবাসী মো. জসীম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ ডিসেম্বর ভাই-বোন ও মায়ের সঙ্গে মামার বাড়ি খাইয়ার গ্রামে বেড়াতে আসে আলী ইমরান। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি বুড়িরপাড় যাওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টায় সে নিখোঁজ হয়।

এলাকায় মাইকিং ও থানায় নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ এলাকার প্রায় ৪০টি বাড়িতে অভিযান এবং ৩টি পুকুরে জাল ফেলে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। মঙ্গলবার ফজর নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর মিয়া নামে এক মুসল্লি ডোবায় ইমরানকে ভাসতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় আলী ইমরানের মা হোসনেয়ারা বেগম থানায় নিখোঁজ ডায়েরি করেন। আমরা ওই এলাকার প্রতিটি ঘরে তল্লাশি চালিয়েছি ও কয়েকটি পুকুরেও সন্ধান করেছিলাম। ৩ দিন পর ডোবায় ভাসমান অবস্থায় শিশুর লাশ পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে অপমৃত্যু মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!