ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই ফুটফুটে নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২৪ জানুয়ারি ২০২৩
সেই ফুটফুটে নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। রোববার দুপুর ১টার দিকে জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্ত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিশুটির জন্ম নেয়।

সুস্থ-স্বাভাবিক প্রসবের পর মা ও শিশুটির ঠাঁই হয় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে রেজিস্ট্রার খাতায় শিশুটিকে ‘অজ্ঞাত’ হিসেবে লিপিবদ্ধ করা হয়।  

সোমবার দুপুরে শিশুটির ঠিকানা নির্ধারণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হবিগঞ্জের আদালতে পাঠানো হয়। রাত ৮টার দিকে আদালত শিশুটিকে সিলেটের ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত দেয়।  

Advertisement

আরো পড়ুন >>> ফুটন্ত পানিতে স্বামীর ‘বিশেষ’ অঙ্গ ঝলসে দিলেন স্ত্রী

হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, শিশুটির মা একেবারেই মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার সম্পর্কে কিছুই জানা যায়নি। আবার শিশুটির পিতৃপরিচয়ও নেই। তাই তাকে সিলেটের ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে এবং শিশুর মাকে মানসিক চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

এদিকে শিশুর জন্মের পর থেকে কয়েকজন তাকে দত্তক নিতে হাসপাতাল থেকে আদালত পর্যন্ত আসেন। তবে কেউ দত্তক নিতে আগ্রহী হলে ছোটমনি নিবাসে যোগাযোগ করতে বলেছেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী।

আরো পড়ুন >>> মাকে পাঁচ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ জনের ফাঁসি

সোমবার আদালতে আসার সময় নবজাতক ও তার মায়ের দায়িত্বে ছিলেন মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রুহিলা আক্তার। তিনি বলেন, ওই নারী নিজের সম্পর্কে কিছুই জানেন না। এমনকি শিশুটির প্রতিও কোনো আগ্রহ নেই।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন বলেন, পিতৃপরিচয় না থাকা ও মা মানসিকভাবে পুরোপুরি অসুস্থ হওয়ায় নবজাতককে হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!