[ দেশজুড়ে ]
কাঁঠাল গাছে মিলল মেছোবাঘ
উদ্ধার করা মেছোবাঘ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে কাঁঠাল গাছে মিলেছে একটি মেছোবাঘ। রোববার সকালে একই গ্রামের বখতিয়ার হোসেনের বাড়ি থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, বখতিয়ারের বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো একটি প্রাণী দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
ঝিনাইগাতী থানার ওসি আবুল কাশেম বলেন, স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় মেছোবাঘের বাচ্চাটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
.png)
বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনি বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম বলেন, মেছোবাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট ও লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখ দেখতে অনেকটা বিড়ালের মতো। বাচ্চাটি গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছোবাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!