ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরো ২ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ৮ আগস্ট ২০২৩
ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরো ২ জন
আদালতে ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ১১ দফায় আরো দুইজন সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য শেষে আদালত আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সাক্ষ্য দাতারা হলেন- রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও সাংবাদিক নুর নবী জনি। এই মামলায় ৪০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

Advertisement

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার মামুনুল হকের বিরুদ্ধে দুইজনের সাক্ষ্য নেয়া হয়েছে। এ পর্যন্ত ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা সবাই বলেছেন মামুনুল ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছিল। সাক্ষ্য শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সেইসঙ্গে আদালতজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০২১ সালের ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত। ঐ বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!