চট্টগ্রামে এসএসসির ফল পুনঃনিরীক্ষণ, নতুন জিপিএ-৫ পেল ১৬২
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ১৩০ জন পরীক্ষার্থী। এছাড়াও উত্তরপত্র পুনর্মূল্যায়নে প্রাপ্ত গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ১৬২ জন। পুনঃনিরীক্ষণের ফলাফলে মোট এক হাজার ৮০ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
সোমবার পুনঃনিরীক্ষণের এই ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, মোট ২৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে। যাদের মধ্যে এক হাজার ৮০ জনের ফল পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ১৬২ জন। ফলাফলে ফেল থেকে পাস করেছে ১৩০ জন পরীক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে ৩৫৯ জনের গ্রেড পয়েন্ট বাড়লেও মোট সিজিপিএ বাড়েনি। অকৃতকার্য হওয়া ৩০৫ জনের পরীক্ষার নম্বর বেড়েছে।
গত ২৮ জুলাই সারাদেশে একযোগে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। এরমধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী। পুনঃনিরীক্ষণের ফলাফলে নতুন করে আরও ১৬২ জন জিপিএ-৫ পাওয়ায় মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৬১২ জনে।