‘তুই তো গোবরে পদ্মফুল, তোরে দুনিয়ায় রাখতাম না’ বলেই ছুরিকাঘাতে খুন
চুল কাটাতে যাওয়ার পথে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে ইয়াসিন আহমেদ শরীফ নামে ১৭ বছর বয়সী এক কলেজছাত্র খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান।
নিহত ইয়াসিন আহমেদ শরীফ ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে। সে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হাফেজ জিয়াউর রহমান কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল। আটক ৩৫ বছর বয়সী যুবক এরশাদ মিয়া শরীফের প্রতিবেশী।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনাটি গ্রামের রিকশাচালক সবুজ মিয়া ইয়াসিন আহম্মেদ শরিফ এবার কলেজে ভর্তি হয়েছে। কিন্তু তা মানতে পারছিল না প্রতিবেশী নেশাগ্রস্ত যুবক এরশাদ মিয়া। সে নানা ধরনের কথাবার্তায় জর্জরিত করত শরিফকে। এর আগে শরীফের সঙ্গে ঝগড়াও বাধায় সে। প্রতিবাদ করায় দেখে নেয়ারও হুমকি দেয় এরশাদ। বুধবার সকাল ১০টার দিকে শরিফ চুল কাটাতে স্থানীয় বাজারে যাচ্ছিল। পথে তাকে ছুরি দিয়ে আঘাত করে এরশাদ মিয়া। আহত অবস্থায় শরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সবুজ মিয়া বলেন, আমি তো রিকশা লইয়া বাইরে আছলাম, পরে হুনছি আমার শরিফরে পথে আটকাইয়া খুন করছে, ‘তুই তো গোবরে পদ্মফুল, তোরে দুনিয়ায় রাখতাম না।’ এই কইয়াই বুহে ছুরি মারে। এরপরে দৌড় দেয়। আমি অহন কারে লইয়া বাঁচবাম। কেলা চাকরি কইর্যা আমারে খাওয়াইবো।
নিহতের মা শরিফা আক্তার বলেন, নিজের টেহা পইসা নাই। স্যারেরা বই-খাতা কলম ও পোশাক বানাইয়া দিছে। আমার বাপ কলেজে যাওনের লাইগ্যা বাজারে চুল কাটতে গেছিল। হেইনোই মাইরালছে।
এ ব্যাপারে ওসি মাহমুদুল হাসান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যার ঘটনা জানতে তদন্ত চলছে।