ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে সিঁধ কেটে প্রবাসীর ঘরে চুরি

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ৯ জানুয়ারি ২০২৪
লালমোহনে সিঁধ কেটে প্রবাসীর ঘরে চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় সিঁধ কেটে এক ওমান প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার খান বাড়ির প্রবাসী মো. রাসেলের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

এ সময় ঘরে থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন-কানের দুল ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় চোরচক্র। মঙ্গলবার সকালে প্রতিবেশীসহ স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাটি জানান ওই প্রবাসীর স্ত্রী মোসা. নুপুর বেগম।

তিনি জানান, স্বামী প্রবাসে থাকায় ঘরে এক কন্যাকে নিয়ে থাকেন নুপুর বেগম। সোমবার রাতে খেয়ে ঘুমিয়ে যান তিনি। এরপর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের সিঁধ কাটা অবস্থায় রয়েছে। তখন তিনি বুঝতে পারেন ঘরে চোর প্রবেশ করেছে। এরপর ঘরের মধ্যে খোঁজ করে দেখেন এক ভরি ওজনের চেইন ও কানের দুল এবং নগদ ৩০ হাজার টাকা উধাও। তার ধারণা, এসব ওই চোরচক্র নিয়ে গেছে। বিষয়টি প্রতিবেশীসহ স্থানীয় ইউপি সদস্যকে জানান গৃহবধূ নুপুর বেগম।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এমন কোনো ঘটনা নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চুরি
লিংক সফলভাবে কপি হয়েছে!