জামালপুরে কলেজছাত্র হত্যা, ৭ জনের যাবজ্জীবন
জামালপুরের তুলশীপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর উপজেলার রামদেববাড়ি গ্রামের মজিবর রহমান (পলাতক), মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন ও মো. মিজান।
.png)
মামলার বাদীপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুর সদর উপজেলার রামদেববাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজছাত্র লিটন ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর ১৪ জানুয়ারি বিকেলে গোপীনাথপুরে লিটনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরো জানান, তথ্য-উপাত্ত থেকে জানা যায়- স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে গলাকেটে হত্যার পর আংশিক পুড়িয়ে ফেলেন আসামিরা। মামলায় বাদীসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।