ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাঘা সাব-রেজিস্ট্রি অফিসে ভয়াবহ সংঘর্ষ, আহত ১৫

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ১০ জুন ২০২৪
বাঘা সাব-রেজিস্ট্রি অফিসে ভয়াবহ সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক বছর ধরে সমিতির নামে অতিরিক্ত টাকা দিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ নিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। স্লিপ না নিলে, সে জমি রেজিস্ট্রি হয় না। এতে সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপন আপত্তি করেন। এ নিয়ে বর্তমান সভাপতি শাহিনুর রহামান পিন্টু ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপনের দলিল লেখক সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ।

স্থানীয় ব্যবসায়ী ভাই ভাই স্টোরের মালিক মাজিদুল ইসলাম বলেন, আধা ঘণ্টাব্যাপী দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ ঘটনার আগে সাব-রেজিস্ট্রি অফিসের ভেতরে পানি নিয়ে দোকানে ফেরার পথে ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছি। দোকানে ফিরে এসে দেখি কিছু কমল পানির বোতলসহ দোকানের মালামাল নেই। এতে প্রায় সাত হাজার টাকা ক্ষতি হয়েছে। অপরদিকে, ইটের আঘাতে রওশনারা হোটেলে সামনের গ্লাস ভেঙে গেছে।

বাঘা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপন বলেন, কয়েব বছর ধরে দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ ছাড়া ক্রেতার দলিল সম্পন্ন হয় না। এ নিয়ে সমিতি ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বর্তমান সভাপতি শাহিনুর রহমান পিন্টু পেশি শক্তি ব্যবহার করে সমিতির কাজকর্ম চালাতে চাই। এ নিয়ে আপত্তি করা হলে তার লোকজন অতর্কিতভাবে ইট পাটকেল নিয়ে আক্রমণ করে। এতে আমার সমর্থিত কিছু মানুষ আহত হয়েছে।

সমিতির বর্তমান সভাপতি শাহিনুর রহামান পিন্টু বলেন, বর্তমানে সভাপতির দায়িত্ব নিয়েছি। আমার আগে সমিতি কীভাবে চালাতেন তারাই ভাল বলতে পারবেন। তবে সমিতির নিয়মের বাইরে সাবেক সভাপতি চলতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার এএন নকিবুল আলম বলেন, সাব-রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। তবে সমিতির মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে দলিল সম্পাদনের কথা অস্বীকার করেন তিনি। ঘটনার প্রেক্ষিতে কিছু সময় হট্টোগোলের কারণে জমি রেজিস্ট্রি বন্ধ ছিলো।

এ বিষয়ে সরেরহাট গ্রামের উজ্জল হোসেন বলেন, ক্রয় করা জমি রেজিস্ট্রি করতে এসে দেখি হট্টোগোল চলছে। জমি রেসিস্ট্রি না করে ফিরে এসেছি।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, সাব-রেজিস্ট্রি অফিসার আমার অফিসে এসে হট্টোগোলের বিষয়ে অবগত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!