ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে আন্দোলনকারীদের মিছিল থেকে পুলিশ বক্সে হামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ২ আগস্ট ২০২৪
চট্টগ্রামে আন্দোলনকারীদের মিছিল থেকে পুলিশ বক্সে হামলা
মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায় আন্দোলনকারীরা -ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। শুক্রবার জুমার নামাজের আগে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। নামাজের পর তাদের সঙ্গে যোগ দেন মুসল্লিরাও।

এরপর আন্দোলনকারী-মুসল্লি এক হয়ে মিছিল নিয়ে লালদীঘি-রাইফেল ক্লাব হয়ে চলে যান নিউমার্কেট মোড়ের দিকে। সেখানে আধাঘণ্টা অবস্থানের পর রেলস্টেশন-কদমতলী-টাইগারপাস-লালখান বাজার হয়ে জিইসি অভিমুখে যাত্রা করে মিছিলটি। মিছিল থেকে ওয়াসা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর করেন আন্দোলনকারীরা। তবে সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। পরবর্তীতে মিছিলটি রওনা দেয় বহদ্দারহাটের দিকে। সর্বশেষ সন্ধ্যা পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বহদ্দারহাট মোড়ে অবস্থান করছিল আন্দোলনকারীরা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। ঐ সময় বক্সে কোনো পুলিশ সদস্য না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে সেটি পরে জানাতে পারবো।

Advertisement

এদিকে, মিছিল চলাকালে নগরের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!