ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উৎপাদন কাজ বন্ধ রেখে একাত্মতা প্রকাশ অন্য শ্রমিকদের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ৩ নভেম্বর ২০২৪
উৎপাদন কাজ বন্ধ রেখে একাত্মতা প্রকাশ অন্য শ্রমিকদের
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা গ্রুপের শ্রমিকদের আন্দোলন এবং তাদের দাবি-দাওয়াকে সমর্থন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার মিলগেট এলাকায় অবস্থিত তুসুকা ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। তারাও উৎপাদন কাজ বন্ধ রেখে একাত্মতা প্রকাশ করেছেন।

রোববার বেলা ১১টা থেকে ফ্যাক্টরির ভেতরে কর্মবিরতি পালন শুরু করেছেন টঙ্গী পশ্চিম থানার মিলগেট এলাকায় অবস্থিত তুসুকা ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

জানা যায়, এরইমধ্যে তুসুকা গ্রুপের অধীনে পরিচালিত ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটানো হয়।

Advertisement

কারখানাগুলোর মধ্যে রয়েছে- তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড এবং তুসুকা ওয়াশিং লিমিটেড।

কারখানা কর্তৃপক্ষ মূল ফটকের সামনে একটি নোটিশের মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছে। 
নোটিশে জানানো হয়েছে, গত ২ নভেম্বর থেকে শ্রমিকদের একটি দল কিছু অজ্ঞাতনামা বহিরাগতদের সঙ্গে নিয়ে অযৌক্তিক দাবিতে বেআইনি ধর্মঘট শুরু করে। 

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা সকালে হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে কারখানার প্রধান গেটে এসে জড়ো হয় এবং অস্থিরতা সৃষ্টি করে। কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও শ্রমিকরা তা অমান্য করে। শ্রমিকদের একটি অংশ অস্থিতিশীল আচরণ প্রদর্শন করে, যা দাঙ্গা-হাঙ্গামা এবং মারামারির মতো অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।

কর্তৃপক্ষের মতে, শ্রমিকদের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর আওতায় অবৈধ ধর্মঘট হিসেবে গণ্য হয়। শ্রমিকদের এ কর্মকাণ্ডে কারখানার কর্মকর্তা, কর্মচারী ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তুসুকা গ্রুপ বাধ্য হয়ে ৩ নভেম্বর সকাল ৮টা থেকে কারখানাগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

তুসুকা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এবং পুনরায় কাজের উপযোগী পরিবেশ তৈরি হলে কারখানাগুলোর পুনরায় খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!