মুন্সীগঞ্জে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৩টার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।
জানা যায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতার মারধরে গুরুতর আহত হন তারা।
.png)
স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনকে সন্দেহ করেন স্থানীয়রা। এ ঘটনার পর অভিযুক্ত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
লৌহজং থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গণপিটুনির শিকার দুজন মারা গেছেন। হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।