ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ফুটবল খেলা নিয়ে বিরোধ

প্রতিপক্ষের কিলঘুষিতে মাঠেই প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭, ৪ আগস্ট ২০২৬
প্রতিপক্ষের কিলঘুষিতে মাঠেই প্রাণ গেল স্কুলছাত্রের
জামিল শেখ। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জামিল শেখ শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকেরা ফুটবল খেলছিল। একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি শুরু হলে পরিস্থিতি শান্ত করতে জামিল শেখ এগিয়ে যায়। এ সময় শেরুয়া দহপাড়া এলাকার শাকিল (২২) তাকে লাথি ও কিল-ঘুষি মারেন। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়ে।

Advertisement

পরে স্থানীয় লোকজন জামিলকে হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত শাকিল শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!