ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ধর্ষণ ও হত্যা মামলার আসামি

বিএনপি নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার আটঘরিয়ায় আদম আলী মেম্বর (৬০) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

আটঘরিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার একদন্ত হাটবার ছিল। দুপুরে আদম আলী হাটে যান। হাটের কাজ শেষে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী ব্যক্তি তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যায়।

Advertisement

খবর পেয়ে আটঘরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদম আলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এর সঙ্গে চরমপন্থীদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আবু আশরাফ আলী বলেন, আদম আলীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। দ্রুত তাঁদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা ধর্ষণের পর হত্যার শিকার হন। ওই হত্যা মামলায় আদম আলী প্রধান আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় আটঘরিয়া থানায় কোনো মামলা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!