ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

অনুমোদনের দ্বিগুণ অটোরিকশা, যানজটে নাকাল সিরাজগঞ্জ শহর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ৬ অক্টোবর ২০২৬
অনুমোদনের দ্বিগুণ অটোরিকশা, যানজটে নাকাল সিরাজগঞ্জ শহর
ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চাপে সিরাজগঞ্জ শহরের সড়কে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ শহরে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা। পৌরসভার অনুমোদন রয়েছে প্রায় ৫ হাজার অটোরিকশার। বিপরীতে শহর ও আশপাশের এলাকায় বর্তমানে ১০ হাজারের বেশি অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুমোদিত সংখ্যার প্রায় দ্বিগুণ যানবাহন সড়কে নামায় গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে প্রতিদিনই তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের ভোগান্তি বাড়ছে।

সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বাইরের এলাকা থেকে অটোরিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরুর আগে এবং ছুটির পর বিভিন্ন মোড়ে যানবাহনের চাপ বেড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর সঙ্গে যোগ হয়েছে অটোরিকশার যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা। এতে পেছনে থাকা যানবাহনের চলাচলও আটকে যায়।

শহরের বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের উল্টো পথে চলাচল, যেখানে-সেখানে পার্কিং এবং নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানোর অভিযোগ রয়েছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

পথচারীদের অভিযোগ, অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। ফলে অনেক চালক ট্রাফিক আইন না মেনেই চলাচল করছেন।

শহরের বাসিন্দা আব্দুর রহমান বলেন, “যানজটের কারণে প্রতিদিনই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিস ও স্কুলের সময় রাস্তায় চলাচল করা খুবই কঠিন হয়ে পড়ে।”

আরেক বাসিন্দা আবু সাঈদ বলেন, “অনেক অটোরিকশার কোনো অনুমোদন নেই। তারা যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় যানজট তৈরি হয়। রাস্তা পার হওয়াই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

সংশ্লিষ্টদের মতে, পৌরসভার অনুমোদিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও বাইরে থেকে আসা অটোরিকশা ও ইজিবাইক শহরে ঢোকার কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। তাই অনুমোদিত যানবাহনের পাশাপাশি অননুমোদিত যানবাহনের প্রবেশও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পৌরসভা থেকে ৫ হাজার অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বাইরের এলাকা থেকে অটোরিকশা ও মিশ্র যানবাহন শহরে প্রবেশ করায় যানজট তৈরি হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক হয়েছে। পর্যায়ক্রমে অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সচেতন নাগরিকদের মতে, যানজট নিরসনে শুধু পরিকল্পনা বা বৈঠক যথেষ্ট নয়। নিয়মিত অভিযান পরিচালনা, অননুমোদিত অটোরিকশা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামার ব্যবস্থা এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তা না হলে অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ শহরের যানজট ও নাগরিক দুর্ভোগও আরও বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!