ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
গরুর হাট নিয়ে বিরোধ

হাটের মধ্যে দুর্বৃত্তদের গুলিতে খুন ইজারাদার ও তার ভাগ্নে

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৯ অক্টোবর ২০২৬
হাটের মধ্যে  দুর্বৃত্তদের গুলিতে খুন ইজারাদার ও তার ভাগ্নে
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার হাজী আব্দুস সালাম (৫৫) ও তার ভাগ্নে মো. রিপন হোসেন (৩৭)। আব্দুস সালামের বাবার নাম আরজ বেপারী এবং রিপন হোসেনের বাবার নাম মৃত ওমেদ আলী।

নিহত রিপন হোসেন আতাইকুলা থানায় এলাকা ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং পাবনা সদর উপজেলা বিএনপি'র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম গ্রামে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটের মধ্যেই হাইজারাদার আব্দুস সালামের কার্যালয়ে এ ঘটনা ঘটে।  

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালাম ও রিপন হোসেন হাটের টিনশেড সেমিপাকা কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে।   এতে দুজনের বুকে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়।

 

পুলিশের প্রাথমিক ধারণা, হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।

 

প্রসঙ্গত : ২০১৪ সালের ৩১ মে রাত আটটার দিকে এই পুষ্পপাড়াহাটে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের চার কর্মী (সুলতান, ফজলু, সালাম ও রফিকুল) খুন হয়েছিলেন। তিনজন ঘটনাস্থলে আর একজন পরদিন হাসপাতালে মারা গিয়েছিলেন। ‍

 

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!