ত্রিশালের ১৩ মাদরাসায় একমাত্র জিপিএ-৫ পেল মুবিনা
২০২৬ সালের আলিম পরীক্ষায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১৩টি মাদরাসার মধ্যে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে বাগান ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা। তার এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মুবিনা উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ত্রিশালের ১৩টি মাদরাসা থেকে ২৯১ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৭ জন। অকৃতকার্য হয়েছে ১৭৪ জন। উপজেলার একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী মুবিনা।
বাগান ইসলামিয়া আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৯ জন। তাদের মধ্যে পাস করেছে ১৫ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৮ দশমিক ৪৭ শতাংশ।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান বলেন, ত্রিশাল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তারা কাজ করবেন।
ফল প্রকাশের পর মুবিনাকে শিক্ষক, সহপাঠী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।