শ্রীপুরে টমটম-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত
গাজীপুরের শ্রীপুরে কাঠবোঝাই টমটম ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শেখ নড়াইল সদর থানার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ জানায়, সকালে কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাওনা থেকে ফুলবাড়িয়াগামী কাঠবোঝাই একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও কয়েকজন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।