ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফতুল্লায় শ্রমিক লীগ নেতা ও তার বড় ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ২ নভেম্বর ২০২৬
ফতুল্লায় শ্রমিক লীগ নেতা ও তার বড় ভাই গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) ও তাঁর বড় ভাই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়া এলাকায় তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযান চালায়। এ সময় দুই ভাইকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন কবির ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

একাধিক সূত্রের বরাতে জানা যায়, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন।

সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। তবে এই দুই ভাই নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। প্রথম দিকে তাঁরা বাড়ি থেকে বের না হলেও কয়েক দিন পর প্রকাশ্যে চলাফেরা শুরু করেন।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, হুমায়ুন কবির প্রতিদিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ফটকসংলগ্ন একটি দোকানে দিন ও রাতে দুই দফায় মোট সাত থেকে আট ঘণ্টা বসে সময় কাটাতেন। অন্যদিকে হাবিবুর রহমানও প্রকাশ্যে চলাফেরা করতেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। অন্যদিকে হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!