ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
কপ৩১ সম্মেলনে বিশ্ব নেতাদের কাছে হাওর কৃষকদের পাঁচ দফা দাবি
জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে হাওরাঞ্চলের কৃষকদের বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) নেত্রকোনা জেলার মদন উপজেলার তলার হাওরে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন স্থানীয় কৃষকেরা।
বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এবং গ্রিন কোয়ালিশন কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ (COP31) জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে কৃষকেরা এখান থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক সিদ্দিকুর রহমান ও আরব আলীসহ আরও অনেকে। বক্তারা বলেন, উন্নত ও ধনী দেশগুলো কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ কমাতে না পারলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে। এর সরাসরি ভুক্তভোগী হচ্ছেন ভাটি অঞ্চলের জলাভূমিকেন্দ্রিক হাওরাঞ্চলে মানুষ ও কৃষকেরা।
মানববন্ধন থেকে কৃষকদের উত্থাপিত পাঁচ দফা দাবি হলো: আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্য বীমার খরচ প্রদান করতে হবে। জলবায়ু তহবিল থেকে ঋণ নয়, বরং ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। নাব্যতা ফেরাতে হাওরাঞ্চলের নদী, বিল, খাল ও হাওর খনন করতে হবে। হাওরের পরিবেশ ধ্বংস করে কোনো মহাসড়ক বা অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন করা যাবে না। ফসল রক্ষায় হাওরে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করে দিতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক ও আয়োজকেরা দ্রুত এসব দাবি বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। জলবায়ু সম্মেলনে উত্থাপনের জন্য বিশ্ব নেতাদের কাছে হাওর থেকে এ দাবি তুলে ধরেন কৃষকেরা।