ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ১৭ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে থানায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় থানার ভেতরে ভাঙচুরের পাশাপাশি পুলিশের কয়েকটি গাড়ি ও থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করার সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।

এরপর লাঠিসোঁটা নিয়ে শত শত নেতাকর্মী থানার সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা থানার ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা থানা থেকে কিছুটা দূরে সরে গিয়ে অবস্থান নেন। পরে পুলিশের কয়েকটি গাড়ি ও থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!