ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকার প্রধান সড়কে নির্দিষ্ট সময়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ কারণে ওইদিন যানজট এড়াতে সেনানিবাস এলাকার প্রধান সড়কে নির্দিষ্ট সময়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।