ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

পরীক্ষার অংশ হিসেবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হলেও গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমানে উৎপাদন ৩০০ মেগাওয়াটে রাখা হয়েছে। এ সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং কয়েক ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষার ফলাফল সন্তোষজনক। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এর ফলে সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এ অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, এটি দেশের জন্য অভাবনীয় সাফল্য। এ জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!