ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে বাসকে লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ

অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৯ নভেম্বর ২০২৬
ভৈরবে বাসকে লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ
যাতায়াত বাসকে লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি :ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে যাতায়াত পরিবহনের একটি চলন্ত বাস লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে আগুন ধরে যায়। তবে চালক ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের যাত্রীরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের বাসটি জগন্নাথপুর মোড় অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরক নিক্ষেপ করে। বিস্ফোরণের পর বাসটির সামনের গ্লাস ও অংশবিশেষে আগুন ধরে যায়। এ সময় চালক দ্রুত বাসটি থামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আকস্মিক এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসের চালক জানান, দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চলন্ত বাসটিকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এতে বাসের সামনের গ্লাসে আগুন ধরে যায়। তিনি দ্রুত গাড়ি থামিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভান। বাসে যাত্রী কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জগন্নাথপুর এলাকার বাসিন্দা আব্দুল মতিন বলেন, আমার বাড়ির পাশেই মহাসড়ক। ঘটনার সময় আমি খাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি, যাতায়াত পরিবহনের বাসটির সামনের অংশে আগুন জ্বলছে। পরে জানতে পারি, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে বোমা ছুড়েছে। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে আল্লাহর রহমতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আর-ওয়ান-ফাইভ (R15) ও ডিসকভার মডেলের দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তাদের ওই সড়কে মহড়া দিতে দেখা গেছে বলে দাবি করেন তিনি। পরে ফিরে এসে একটি ককটেল ও একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মহাসড়কে এ ধরনের হামলার ঘটনা যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তাঁরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!