ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে অফিস চত্বরে রাখা পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের ভেতরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও এ ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়টি তদন্তের পর জানা যাবে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিস এলাকায় রাখা কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কাঠের স্তূপে আগুন ধরে যায়।