ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ক্যাম্পাসে হাতির কবর নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’

শুভ দে, মাভাবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০৮, ২৩ ডিসেম্বর ২০২১
ক্যাম্পাসে হাতির কবর নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)। মূল ফটক পেরিয়ে বামদিকেই গাছ ঘেরা সুবিশাল দিঘী। নাম ‘পীর শাহ্জামান দিঘী’। এই দিঘীর পাড়েই হাতির কবর।

হাতির কবর বলতে বোঝানো হয় যে কবরে হাতির মরদেহ দাফন করা হয়। অথবা যেখানে আছে হাতির মরদেহ। কিন্তু কেউ জানে না এই হাতির কবর সম্পর্কে। কারও জানা নেই এই কবরে হাতি আছে কি না। কেউ কেউ বলছেন এখানে হাতি নেই, নামেই শুধু হাতির কবর। আবার কেউ কেউ বলছেন হাতির কবর শুধুই গুজব। এখানে সত্যতার ভিত্তি নেই। 

তবে সত্য-মিথ্যা যাই হোক নামডাকে এই হাতির কবরের রেওয়াজ আছে টাঙ্গাইলে। দেখা মিলবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)। মূল ফটক পেরিয়ে বামদিকেই গাছ ঘেরা সুবিশাল দিঘী। নাম ‘পীর শাহ্জামান দিঘী’। যার আয়তন প্রায় ৩.৫৫ একর। 

পাড়ে আছে সারি সারি বেঞ্চ। শুরু থেকে কয়েকটি বেঞ্চ পেরিয়ে আসলে একটা উঁচু স্থান দেখা যায়। জায়াগাটি ডিম্বাকৃতির। দুই ধাপে তৈরি দেয়াল দেয়া দিয়ে শান বাঁধানো, লাল রং করা। যার মাঝখানে সবুজ দুর্বাঘাস। হাতির কবরটি দৈর্ঘ্যে প্রায় সাত-আট ফুট আর প্রস্থে চার-পাঁচ ফুট হবে। যা সবার কাছেই এখন হাতির কবর নামে পরিচিত। 

আসলে কি সত্যিই তাই? ঘটনার সত্যতাই বা কতটুকু? আসল ঘটনা কিন্তু একদম ভিন্ন। হাতির কবর নামে যেই জায়গাটা পরিচিত সেখানে কোনো দিন কোনো হাতি মারা যায়নি বা সেখানে কবরও দেয়া হয়নি। মূলত সেখানে ছিল একটি বড় অশ্বথ গাছ। 

যেই গাছের গোড়ায় শান করে বাঁধাই করা হয়েছিলো। সেখানে মানুষজন বিশ্রাম গ্রহণ করতেন। গাছটির বয়স বেশি হওয়ায় গাছটিতে পোকার সংক্রমণ দেখা যায়। পরবর্তীতে হঠাৎ এক ঝড়ে গাছটি ভেঙে যায়। ব্যাপারটি স্বাভাবিকই ছিলো কিন্তু হঠাৎ করে ১০-১৫ বছর আগে থেকে কে বা কারা গুজব ছড়িয়ে জায়গার নাম হাতির কবর রাখলো তা এখনো অজানা। 

এ ব্যাপারে মাওলানা ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে ডেইলি বাংলাদেশকে বলেন, আসলে হাতির কবর নামটাই গুজব। এটি কল্পকাহিনী মাত্র। এর কোনো ভিত্তি নেই। ১৯৬৮ সাল থেকে সন্তোষে থাকি। প্রায় ৫৩ বছর হয়ে গেলো সেখানে আমার। কারো কাছ থেকেই এ বিষয়ে কোনদিন কিছু শুনি নাই। 

তিনি আরো বলেন, ওই জায়গাতে ব্রিটিশ আমলের একটি গাছ ছিলো। বয়সের ভারে দুর্বল হয়ে গাছটি ১৯৭৪ সালের দিকে ঝড়ে ভেঙে যায়। গাছ না থাকলেও বেদিটা থেকে যায়। পরবর্তী সময়ে সৌন্দর্য্যের জন্য এর সংস্কারও হয়েছিল। ১০/১৫ বছর আগে কে বা কারা গুজব ছড়ালো এটা হাতির কবর। এটা কখনোই হাতির কবর ছিলনা এবং হাতির কবর নয়। 

মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের ছাত্র বিজয় সরকার বলেন, জুনিয়ররা প্রায়ই জিজ্ঞেস করে, ভাই হাতির কবরের হাতির মালিক কে ছিলো? মারা যাওয়া হাতিটা কি বড় হাতি নাকি ছোট হাতির বাচ্চা? কি করে তাদের সবাইকে বোঝাবো আসলে হাতির কবর এর ইতিহাস আমি নিজেই জানি না।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!