বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সকালে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালুর সিদ্ধান্ত হয়েছে’-এই সংক্রান্ত ভুয়া তথ্য একাধিক ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এরপর ধীরেধীরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এবিষয়ে জানতে চাইলে অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি সুযোগ সংক্রান্ত যে খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেটি ‘গুজব’। আমাদের ভর্তি পরীক্ষা কমিটির এখনো কোনো সভা অনুষ্ঠিত হয়নি, তাহলে এমন সিদ্ধান্ত কোথা থেকে আসবে?
.png)
অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কোনো মিটিং এখনো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ স্বপ্রণোদিত হয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়। এর আগের বছরগুলোতে প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা আরেকবার (দ্বিতীয়বার) ভর্তি পরীক্ষার দিতে পারতেন। ২০১৮ সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের পর থেকে প্রায় প্রতিবছর ভর্তিচ্ছুদের একটি অংশ দ্বিতীয়বার সুযোগের দাবি জানিয়ে আসছে।