ব্রয়লার আর লেয়ারের মুরগির মাংস-ডিমে মিলছে ওমেগা-৩ চর্বি
ব্রয়লারের মুরগির মাংস আর লেয়ারের মুরগির ডিমে পাওয়া গেছে ওমেগা-৩ চর্বি। গবেষণায় এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন ‘আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেড।
শনিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এসব তথ্য জানান আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জিকরুল হাকিম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কৃষিবিদ মো. আহসান হাবীব।
জানা গেছে ওমেগা- ৩ চর্বি মানবদেহের হৃদযন্ত্রের জন্য জরুরি একটি উপাদান। সাধারণত সামুদ্রিক মাছে এই চর্বি অধিক মাত্রায় পাওয়া যায়।
.png)
তবে এবার মুরগির মাংসেও এই চর্বি পাওয়া যাচ্ছে। দুই বছর ব্রয়লার মুরগির মাংস ও লেয়ার মুরগির ডিমের ওপর গবেষণা করে এই সাফল্য পান ‘আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেড এর গবেষকরা।
ওমেগা-৩ চর্বি সমৃদ্ধ ‘সেইফ ওমেগা-৩ ব্রয়লার’ ও ‘সেইফ ওমেগা-৩ এগ’ নামে দুটি পণ্য শিগগিরই বাজারজাত করবে বেসরকারি এই প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গবেষণায় লেয়ার মুরগির ডিমের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ৩৭৪ দশমিক ২৯ মিলিগ্রাম ও ব্রয়লার মুরগির মাংসের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ১৮৭ দশমিক ১৫ মিলিগ্রাম ওমেগা-৩ চর্বি পাওয়া গেছে। যা ওমেগা-৩ সমৃদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় মাত্রা থেকে বেশি। গবেষণায় প্রাপ্ত ফলাফলটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) দ্বারা পরীক্ষিত হয়েছে।
‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম’ এই সেইফ ব্রয়লার ও সেইফ এগকে ওমেগা-৩ সমৃদ্ধ করার গবেষণাটি শুরু করেন। আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেডের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ আহসান হাবিব ও ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জিকরুল হাকিমের সমন্বয়ে গঠিত এই টিম এর সদস্যরা গবেষনা করেন।
কৃষিবিদ জিকরুল হাকিম জানান, দেশে আমরাই প্রথম ওমেগা-৩ চর্বি সমৃদ্ধ মুরগির মাংস উৎপাদন ও বাজারজাত করতে সক্ষম হয়েছি। গবেষণা প্রকল্পটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে ২০২২ সালের এপ্রিলে শেষ হয়। প্রকল্পটিতে মূলত মুরগির খাদ্যাভাস ও খাদ্য গ্রহণে পরিবর্তন আনা হয়। খাদ্য হিসেবে মুরগিকে প্রতিদিনের খাদ্যের সঙ্গে কড লিভার অয়েল, ফ্ল্যাক্স সিড অয়েল, ফিশ অয়েল ইত্যাদি ওমেগা-৩ সমৃদ্ধ উপাদান সরবরাহ করা হয়।
দাম সম্পর্কে কৃষিবিদ মো. আহসান হাবীব জানান, সাধারণ ব্রয়লার মুরগির মাংসের দাম কেজি প্রতি ২৮০ থেকে ২৯০ টাকা হলেও ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মুরগির মাংসের দাম কেজি প্রতি ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে সাধারণ লেয়ার মুরগির ডিমের দাম প্রতি ডজন ১২০ টাকা হলেও ওমেগা-৩ সমৃদ্ধ ডিমের দাম প্রতি ডজন ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন সুপার শপে পণ্যগুলো কিনতে পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে বাকৃবির চারজন তরুণ শিক্ষার্থীর উদ্যোগে আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেড যাত্রা শুরু করে। নিরাপদ ও পুষ্টিকর খাবারের যোগান দেওয়া ও দেশের মেধাবী ও পরিশ্রমী জনশক্তিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে সমৃদ্ধি আনা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বর্তমানে ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে প্রায় ৪ হাজারের অধিক পরিবারে নিরাপদ প্রাণিজ আমিষের যোগান দিচ্ছে প্রতিষ্ঠানটি।