উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজন: বইয়ের বিনিময়ে বই সংগ্রহের সুযোগ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বই বিনিময় উৎসবের আয়োজন করেছে উদ্দীপ্ত বাংলাদেশ নামের একটি সংগঠন। এই উৎসবে এটিক বইয়ের বিনিময়ে অন্য বই সংগ্রহের সুযোগ করে দেওয়া হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এই বিনিময় উৎসব শুরু হয়। উৎসবটি চলে বিকেল ৪টা পর্যন্ত।
এখানে শিক্ষার্থীরা যেমন বই আদান-প্রদান করেছেন তেমনি যেকোনো বই দিয়ে অন্য বই সংগ্রহ করার সুযোগ ছিল।
.png)
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। পাশাপাশি আগ্রহ থাকা সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী পাঠ্যক্রমের বাইরের বই সংগ্রহ করতে পারছে না, তাদের জন্য সার্বজনীন এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
উদ্দীপ্ত বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল নোমান বলেন, গতবছর আমরা প্রথমবারের মতো বই বিনিময় উৎসব আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার উৎসাহ বৃদ্ধি কর। অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে বই কিনতে পারে না। সেসব শিক্ষার্থীকে প্রাধান্য দিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
_1676977255.jpg)
উদ্দীপ্ত বাংলাদেশের সভাপতি চবির লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিব খান বলেন, ইতিবাচক কাজের প্রচেষ্টা আমাদের সবসময়ই থাকে। সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। ভাষার মাসে বই বিনিময় উৎসব বেশ সাড়া পেয়েছি আমরা। সামনের দিনগুলোতে আরো ভালো কাজ করতে চাই।
বই বিনিময় উৎসবে অংশ নিয়ে চবি বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা বলেন, বই বিনিময় উৎসব শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক বিষয়। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতা বৃদ্ধি পাবে। বেশ ভালোই অংশগ্রহণ দেখছি। উদ্দীপ্ত বাংলাদেশ এর আয়োজন প্রশংসার দাবি রাখে।
উদ্দীপ্ত বাংলাদেশ এর উদ্যোগে ২০২২ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় বই বিনিময় উৎসব। এই বছর তারা দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করেন।
প্রসঙ্গত, উদ্দীপ্ত বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবক সংগঠন। যেটি সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্যও বছরব্যাপী কল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।