ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? মুখ খুললেন গায়ক নিজেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ২৭ সেপ্টেম্বর ২০২১
সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? মুখ খুললেন গায়ক নিজেই
বাপ্পি লাহিড়ী

কিছুদিন আগেই খবর ছড়ায়, বর্ষীয়ান গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী তার কন্ঠ হারিয়েছেন। এই খবরে দুঃখ প্রকাশ করেন তার অনুরাগীরা। কিন্তু আদৌ এই জল্পনা কি সত্যি? এ বিষয়ে এবার মুখ খুললেন বাপ্পি লাহিড়ী নিজেই। বর্ষীয়ান গায়ক এই জল্পনায় রীতিমতো জল ঢেলে দিলেন। জানালেন, তিনি ভালো আছেন।

এক সংবাদমাধ্যমের কাছে বাপ্পি লাহিড়ী বলেছেন, আমি সত্যিই অবাক এই দেখে যে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে আমি নাকি আমার কন্ঠ হারিয়ে ফেলেছি। এটা সত্যি হাস্যকর আর আমি খুব দুঃখ পেয়েছি। তিন দিন আগেই একটি তথ্যচিত্রের জন্য নাতির সঙ্গে শুটিং করছিলাম। আমি কী করে খারাপ থাকি আর কন্ঠহীনই বা হলাম কোথা থেকে!

তিনি আরো বলেছেন, আমি ৫০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। আমার সামান্য কাশি হয়েছিল। সেটার জন্য আমি সিরাপ ও ট্যাবলে‌ট খাচ্ছি। এটা একটা ছোট ব্যাপার আর এখন আমি আগের থেকে ভালো আছি। 

Advertisement

একটি রেকর্ডিং চলাকালীন তার ফাঁকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাপ্পি লাহিড়ী।

বহুদিন ধরেই জল্পনা চলছে যে বাপ্পি লাহিড়ীর হাতে কাজ নেই। কিন্তু তিনিই জানান, তার হাতে রয়েছে বহু কাজ। বর্ষীয়ান শিল্পী বলছেন, আমি এর মধ্যেই তিনটি গানে সুর করেছি এবং গেয়েছি। এর মধ্যে একটি হলো, ‘গণপতি বাপ্পা মরিয়া’ যেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও দুর্গা পূজার জন্য একটি গান গেয়েছি। দু’দিন আগেই একটা বাংলা ছবির গান রেকর্ড করেছি। এই গানগুলিতে ফিচার করেছেন আরমান মালিক, আলিশা চিনাই, আদিত্য নারায়ণ, শান এবং আমি। আমার ভক্তরাই আমার কাছে ভগবান। তাদের আশীর্বাদ এবং গণপতি বাপ্পার কৃপায় আমি একদম ঠিক আছি।

এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। খবর ছড়ায়, তারপর থেকেই তিনি ভালো নেই। আর সম্প্রতি রটে যায় যে, তিনি নাকি কণ্ঠ হারিয়ে ফেলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বাপ্পি লাহিড়ী লিখেছেন, কিছু মিডিয়া আমার স্বাস্থ্য সম্পর্কে ভুল খবর রটিয়ে বেড়াচ্ছে যা শুনে আমার মন ভেঙে গিয়েছে। আমার ভক্তদের এবং শুভাকাঙ্খীদের কৃপায় আমি একদম ঠিক আছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!