হোটেল রুমে ফল খেয়ে বিপাকে অভিনেত্রী
দেখতে অনেকটা কাঁঠালের মতো। এক নজরে দেখে কাঁঠাল ভেবে ভুল করে বসেন অনেকে। কিন্তু আসলে সেটি ডুরিয়ান। খেতে অত্যন্ত সুস্বাদু ফলটিকে মালয়েশিয়ায় ‘কিং অব ফ্রুটস’ বলা হয়। কিন্তু খেতে সুস্বাদু এই ফলটি প্রচণ্ড ‘দুর্গন্ধযুক্ত’। তাই অনেক জায়গায় ফলটির প্রবেশাধিকার নেই!
কিন্তু সুস্বাদু এই ফলটি খেয়ে বিপাকে পড়েছেন এক অভিনেত্রী। হোটেল রুমে বসে এই ফল খাওয়ার পর গুনতে হয়েছে জরিমানা। হংকং ভিত্তিক ওই মালয়েশিয়ান অভিনেত্রীর নাম ইউমি ওং। হোটেল রুমে ডুরিয়ান ফল খাওয়ার শাস্তিস্বরূপ ১ হাজার রিংগিত বা প্রায় সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে এই অভিনেত্রীকে।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট আপলোড করেন ৩৩ বছর বয়সী এই তারকা। সেখানে দেখা যায়, তার ক্রু সদস্যরা ওংকে বলছেন নিষেধাজ্ঞা অমান্য করে হোটেল রুমে ডুরিয়ান খাওয়ায় তাকে ১ হাজার রিংগিত জরিমানা করা হয়েছে।
এমনকি প্রমাণ হিসেবে এই অভিনেত্রীর হোটেল রুমের ডাস্টবিন থাকা ডুরিয়ানের বীজের ছবি পাঠিয়েছে হোটেলের স্টাফরা। নিজের পোস্টে এই অভিনেত্রী লেখেন, আমি আসলেই একজন বোকা। হোটেলে যে আপনি ডুরিয়ান খেতে পারবেন না, তা আমার মনেই নেই। আমাকে ১ হাজার রিংগিত জরিমানা করা হয়েছে। এই ডুরিয়ানটি অনেক দামি।
প্রসঙ্গত, ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট মালয়েশিয়া ট্রাভেলারের তথ্যানুযায়ী মালয়েশিয়ার হোটেল এবং গণপরিবহনে ডুরিয়ান নিষিদ্ধ। ফলটি তীব্র গন্ধযুক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।