ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ে ভাঙলে চরিত্রহীন, খোলামেলা পোশাক পরলেই নির্লজ্জ: মধুমিতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ১১ আগস্ট ২০২৩
বিয়ে ভাঙলে চরিত্রহীন, খোলামেলা পোশাক পরলেই নির্লজ্জ: মধুমিতা
ছবি: সংগৃহীত

বিবাহিত জীবন এক বছরের বেশি স্থায়ী হয়নি ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ভালোবেসে গড়া হয়নি সুখের সংসার। বছর সাতেক আগে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেল জীবন উপভোগ করছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন সাইবার বুলিং নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা।

তার কথায়, ‘বুলিং আমাকে অনেক শক্তিশালী করেছে, তাই এখন আর ট্রোলড হওয়া নিয়ে ভাবি না। একটা মেয়ের ১০টা সম্পর্ক ভাঙতে পারে কিন্তু একটা বিয়ে ভাঙলেই তাকে চরিত্রহীন বলা হয়। মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে। এটা অনেক বছর ধরেই আমার সঙ্গে ঘটছে।’

মধুমিতা আরো বলেন, ‘আমি শাড়ি পরে ছবি তুললে লোক দেখানো, আর খোলামেলা-সাহসী পোশাকে ছবি তুললে হয়ে বলা হয় নির্লজ্জ। আসলে লোকের কথা শুনে নিজের লাইফস্টাইল পরিবর্তন করলে তো আর বাঁচাই যাবে না। তাই এসব নিয়ে এখন আর ভাবি না। আমার পরিচিত মানুষজন আমাকে সম্মান করলেই চলবে।’

সম্প্রতি ‘চিনি ২’ সিনেমার কাজ শেষ করেছেন মধুমিতা। ‘চিনি’ সিনেমায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘চিনি ২’তে থাকছেন তিনি। এছাড়া ‘দিলখুশ’ সিনেমায়ও দেখা গেছে তাকে। কাজ করছেন ওয়েব সিরিজেও।

প্রসঙ্গত, ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে ২০১১ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয় মধুমিতার। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাদের সংসার ভেঙে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!