ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

সোনা কিনে রাখার সেরা সময় এখনই

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ২৩ জুলাই ২০২৩
সোনা কিনে রাখার সেরা সময় এখনই
ছবি: ডেইলি বাংলাদেশ

সোনা বা স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। বহু যুগ ধরেই মানুষ সোনা আর সোনার তৈরি নানা জিনিসে মুগ্ধ হয়ে আছে। নিজের সাধ ও সাধ্য অনুযায়ী সোনা নিজের মালিকানায় রাখতে চান সবাই। হোক তা গয়না কিংবা অন্য কোনোভাবে। 

পৃথিবীর প্রায় সব দেশেই সোনা দিয়ে অলঙ্কার তৈরির প্রচলন বা প্রথা রয়েছে।  এর অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়িত্বের কারণেই মূলত একে মূল্যবান ধাতু বলা হয়। সোনার ক্ষয় নেই। এ জন্য ব্যাংক রিজার্ভেও সোনার গুরুত্ব সবচেয়ে বেশি। 

দিন দিন বেড়েই চলেছে সোনার দাম। তবুও এর প্রতি আকর্ষণ কমতি নেই। তবে সোনা কেনা সবসময় লাভজনক নয়। নির্দিষ্ট কিছু সময়ে এটি কিনলে ব্যাপক মুনাফা করা যায়। অর্থাৎ মোটা অংকের লাভের মুখ দেখা যায়।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে সোনা কখন কেনা লাভজনক-

দাম কম থাকলে সোনা কিনুন 

অন্যান্য সম্পদ বা বাজারের মতো সোনার মার্কেট অস্থির নয়। বিশেষ করে শেয়ারবাজারের মতো। তবে সময়ে সময়ে নিরাপদ আশ্রয় ধাতুটির দর ওঠা-নামা করে। ভূরাজনৈতিক স্থিতিশীলতা, চাহিদা কমলে এবং সরবরাহ বাড়লে সোনার মূল্য নিম্নমুখী হয়। সেসময় মূল্যবান ধাতুটি কেনা শ্রেয়।

অর্থনৈতিক অস্থিরতার সময় সোনা কিনুন 

এখন গোটা বিশ্ব একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। পরিপ্রেক্ষিতে রুশ সম্পদে অজস্র নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা মহল। এতে বিশ্বব্যাপী সবকিছুর দামে উলম্ফন ঘটেছে। এ অবস্থায় সামনের দিনগুলোতে কখন কোন পণ্যের দর হঠাৎ ব্যাপক বৃদ্ধি পায়, তা বলা যাবে না। এ পরিস্থিতিতে নিশ্চিন্তে সোনা কেনা যায়। কারণ, অদূর ভবিষ্যতে এর মূল্য বাড়বে।

মূল্যস্ফীতি চড়া থাকলে সোনা কিনুন 

হালে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। প্রায় সবধরনের পণ্যের দাম বেড়ে গেছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মূল্যমানও ঊর্ধ্বগামী আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংক। এতে সোনার দাম নিম্নগামী রয়েছে। ফলে এটি কেনার এখনই সেরা সময়। বর্তমানে সোনা কিনে রাখলে আগামী দিনগুলোতে বেশি দামে বিক্রি করা যাবে।

শেয়ারবাজারে মন্দার সময় সোনা কিনুন 

পুঁজিবাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সোনার মার্কেট। তালিকাভুক্ত নামীদামি কোনো কোম্পানির শেয়ার মূল্য কমলে মূল্যবান ধাতুটির দর বেড়ে যায়। বর্তমানে বিশ্বজুড়ে বিখ্যাত সব শেয়ারবাজারে মন্দা প্রবাহমান। ফলে সোনা কেনার উপযুক্ত সময় এখনই। কারণ, আগামী দিনগুলোতে পুঁজিবাজারে ধস নামার আশঙ্কা রয়েছে। এ পরিবেশ সৃষ্টি হলে গুরুত্বপূর্ণ ধাতুটির প্রয়োজনীংতা অপরিহার্য হয়ে উঠবে। 

পরিশেষে বলা যায়, মূল্যস্ফীতি চড়া থাকলে, অর্থনীতি সংকুচিত হলে, শেয়ারবাজারের মন্দা বিরাজ করলে নিশ্চিন্তে সোনা কেনা যায়। সেরকম পরিস্থিতি মিলিয়ে সোনা কিনে ফেলুন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!