চীনের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্রের দাবি
রাশিয়া চীনের কাছে সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এদিকে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, রাশিয়া চায় ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করুক চীন। ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া। অবশ্য রুশ কর্মকর্তারা চীনের কাছে ঠিক কী ধরনের সরঞ্জাম চাইছেন তা উল্লেখ করতে অস্বীকার করেন তিনি।
প্রতিবেদনে আরো বলা হয়, মস্কোর অনুরোধের পর চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে।
.png)
আরো পড়ুন: করোনায় আক্রান্ত হলেন বারাক ওবামা
অন্যদিকে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি পৃথক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করার জন্য বেইজিংয়ের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে মস্কো।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সোমবার রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেনে টানা প্রায় তিন সপ্তাহ ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির অন্য অনেক শহরে রুশ সামরিক বাহিনী সফলতা পেলেও রাজধানী কিয়েভ অঞ্চলে এখনও খুব বেশি সুবিধা করতে পারেনি তারা।