ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মুখে বন্দুক ঠেকিয়ে বক্সারের কাছ থেকে মূল্যবান ঘড়ি ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২২, ১৯ এপ্রিল ২০২২
মুখে বন্দুক ঠেকিয়ে বক্সারের কাছ থেকে মূল্যবান ঘড়ি ছিনতাই
ছবি: স্ত্রীর সঙ্গে আমির খান ও চুরি যাওয়া সেই ঘড়ি

স্ত্রীকে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় বিপদে পড়লেন ব্রিটিশ বক্সার আমির খান। দুই ছিনতাইকারী মুখে বন্দুক ঠেকিয়ে ছিনতাই করে নিল তার বহুমূল্য ফ্রাঙ্ক মুলার ভ্যানগার্ড ক্রোনোগ্রাফ ঘড়ি।

সোমবার (১৮ এপ্রিল) পূর্ব লন্ডনের লেটনে স্থানীয় সময় রাতে এই ঘটনা ঘটেছে।

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার এবং তার স্ত্রী ফারিয়াল মাখদুমের অবশ্য কোনও ক্ষতি করেনি ছিনতাইকারীরা। তবে এই ঘটনায় আমির যথেষ্ট আতঙ্কিত।

Advertisement

৩৫ বছরের বক্সার জানিয়েছেন, লেটনে রাত সোয়া ন’টা নাগাদ তাদের সামনে হঠাৎ দুই যুবক আসে। তিনি এবং তার স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তারা মুখের সামনে বন্দুক ধরে তার হাতে থাকা ৭২ হাজার পাউন্ড মূল্যের (ভারতীয় মুদ্রায় ৭১ লক্ষ ৭৩ হাজার ২১৫ টাকা) ঘড়িটি ছিনিয়ে নেয়। তার পর তারা দ্রুত গাড়িতে উঠে চলে যায়।

আরো পড়ুন>> দাম চাওয়ায় গায়ে ঢেলে দেওয়া হলো কেটলি ভর্তি ফুটন্ত চা!

ভক্ত, অনুরাগীদের আশ্বস্ত করে আমির জানিয়েছেন, ‘আমি এবং আমার স্ত্রী ভাল আছি। আমাদের কোনও ক্ষতি হয়নি। শুধু আমার দামি ঘড়িটাই ওরা নিয়ে গিয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘আমি আর ফারিয়াল রাস্তা পার হচ্ছিলাম। ফারিয়াল আমার কয়েক পা পিছনে ছিল। দুই যুবক দৌড়ে আমার সামনে চলে আসে। এক জন আমার হাতের ঘড়িটা চায়। অন্য জন মুখের সামনে বন্দুক ধরে। আমরা দু’জনেই অবশ্য নিরাপদে রয়েছি।’

অলিম্পিক পদক জয়ী বক্সার স্ত্রীকে নিয়ে পূর্ব লন্ডনের একটি হোটেলে এক সমাজসেবামূলক অনুষ্ঠানে যোগ দেন। তার পর রাতে বাড়ি ফিরছিলেন। সে সময়ই দুই ছিনতাইকারী তার বহু মূল্য ঘড়িটি ছিনতাই করে। প্রিয় এই ঘড়িটি সব সময় পরতেন আমির।

সূত্র: বিবিসি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!