ভারতে আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে ঘণ্টাব্যাপী বিস্ফোরণ, নিহত ৬
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে টানা ঘণ্টাব্যাপী বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরো ৮ জন।
রোববার (২৪ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের খাইরা পুলিশ স্টেশনের কাছে খুদাই বাগ গ্রামে এই বিস্ফোরণ ঘটে। ওই ব্যবসায়ীর নাম শাবির হুসেইন। বিস্ফোরণে বাড়ির একটি অংশ উড়ে গেছে এবং বাকি অংশে আগুন ধরে যায়।
.png)
স্থানীয় পুলিশের ভাষ্য, ব্যবসায়ীর বাড়িটি নদীর তীরে অবস্থিত। বিস্ফোরণের প্রভাবে বাড়িটির বড় একটি অংশ নদীতে ধসে গেছে।
ধ্বংসস্তূপের নিচে অন্তত ৮ জন আটকা পড়েছেন। আহতদের বিহারের ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আরো পড়ুন>> ইউক্রেনে মার্কিন ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার
সারান জেলার এসপি সন্তোষ কুমার বলেছেন, ‘ছাপড়ায় বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছি। ফরেনসিক বিশেষজ্ঞ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।’
পুলিশ বলছে, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির ভেতরে আতশবাজি তৈরি করা হয়েছিল। ওই বাড়িটিতে টানা এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই বলছে, বাড়িটিতে আতশবাজি তৈরির অবৈধ কারখানা ছিল বলে অভিযোগ করা হয়েছে।