সৌদি-আমিরাতে আশংকাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব
মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসিভুক্ত দেশগুলোতে ব্যাপক হারে বাড়ছে বন্ধ্যাত্ব। বিশ্বের গড়ের চেয়ে এসব দেশে বন্ধ্যাত্বের হার দ্বিগুণের বেশি বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে। কী কারণে এমনটা ঘটছে তা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লাইফস্টাইল চয়েজ, খাদ্যাভ্যাস এবং আনডায়াগনজড মেডিকেল কন্ডিশনের কারণে এমনটা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এই অঞ্চলে বন্ধ্যাত্বের হার কেমন তা নিয়ে গভীরভাবে গবেষণা চালিয়েছে এআরটি ফার্টিলিটি ক্লিনিকস। জিসিসি অঞ্চলজুড়ে এই ক্লিনিকের মেডিকেল সেন্টার রয়েছে। তাদের হিসাব বলছে, বিশ্বজুড়ে বন্ধ্যাত্বের হার প্রায় ১৫ শতাংশ। তবে জিসিসি অঞ্চলে বন্ধ্যাত্বের হার ৩৫-৪০ শতাংশ।
.png)
এআরটি ফার্টিলিটির দুবাই শাখার মেডিকেল ডিরেক্টর ডা. ক্যারল কফলান বলেছেন, আমরা আমাদের অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক বন্ধ্যাত্বের একটি ক্রমাগত ঊর্ধ্বমুখী ধারা দেখতে পাচ্ছি। আর এটা আংশিকভাবে সাংস্কৃতিক এবং জীবনধারা সম্পর্কিত সমস্যার সঙ্গে জড়িত।
তিনি বলেন, এআরটি ফার্টিলিটি ক্লিনিক পরিচালিত একটি নিবিড় গবেষণায় দেখা গেছে এই অঞ্চলে ক্রমবর্ধমান বন্ধ্যাত্বের পেছনে অতিরিক্ত কিছু কারণ রয়েছে। ডা. কফলান বলেন, উদাহরণস্বরূপ বিশ্বব্যাপী স্থূলতার প্রকোপ বাড়ছে। কিন্তু মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলো উচ্চ স্থূলতার হার অনেক বেশি। অবসন্ন জীবনযাপন, শারীরিক ব্যায়ামের অভাব এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবারগুলো স্থূলতার ক্রমবর্ধমান প্রবণতার জন্য সাধারণ অবদানকারী কারণ হয়ে দাঁড়িয়েছে।