ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২৮ অক্টোবর ২০২২
ইসরায়েলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণ সামরিক তল্লাশিকেন্দ্রের পাশে ইসরায়েলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ১৮৬ ফিলিস্তিনি।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, শুক্রবার ৪৭ বছরের ইমাদ আবু রাশেদ নামের এক ফিলিস্তিনিকে পেট, বুক ও মাথায় গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ হামলায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে হৃদযন্ত্রে গুলির কারণে ৩৫ বছরের রামজি সামি জাবারার নামের আরেকজনের মৃত্যু হয়।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হাওরা তল্লাশিকেন্দ্রের পাশে একটি অভিযান চালায় সেনারা। এ সময় দুটি সন্দেহজনক গাড়িকে চিহ্নিত করে গুলি চালায় তারা।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও অপর আহত ব্যক্তির নাম-ঠিকানা এখনো মেলেনি। তবে নাবলুস শহরের রাফিদিয়া হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয়েছে। আহত সেই ব্যক্তির অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। 

জাবারা ও আবু রাশেদ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেসামরিক প্রতিরক্ষা বিভাগে কাজ করতেন। তারা নাবলুসের অদূরে আসকার শরণার্থী ক্যাম্পে বসবাস করছিলেন।

নাবলুসের সাংবাদিকদ শাদি জারার’হ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, একজন আহত ব্যক্তি নিয়ে লোকগুলো গাড়িতে ছিল। ঐ সময় ইসরায়েলি সেনারা গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলি ছোড়ার পাশাপাশি তল্লাাশিকেন্দ্রের আশপাশের বিভিন্ন প্রাইভেটকার থেকে চারজনকে গ্রেফতার করেছে তারা।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আহত ফিলিস্তিনিকে একটি অ্যাম্বুলেন্সে তুলতে স্ট্রেচারে নিয়েছে ইসরায়েলি সেনারা।

এক বিবৃতিতে দুই ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ হামলাকে পরিকল্পিত এবং বর্ণবাদী রাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে মন্ত্রণালয়।

নাবলুস শহর ও এর আশপাশের গ্রামগুলোতে চার লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। গত দুই সপ্তাহ ধরে তারা ইসরায়েলি সেনাদের অবরোধে আছেন। শুক্রবারের ঘটনার কিছু আগে ইসরায়েল জানায়, নাবলুস এলাকার ভেতর ও বাইরে যাতায়াতের জন্য অবরোধ সহজ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবরে নাবলুসে গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়। এরপরই হত্যাকারীকে ধরতে অবরোধ জারি করে ইসরায়েলি সেনারা।

সম্প্রতি পুরাতন নাবলুসভিত্তিক লায়ন ডেন নামের একটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী গঠন হয়েছে। সেই গোষ্ঠীটি ইসরায়েলি সেনাকে হত্যার কথা স্বীকার করেছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুই ফিলিস্তিনিকে হত্যার আগে নাবুলসের পুরাতন শহরে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এর মধ্যে লায়ন ডিনের তিনজন সদস্য ছিলেন। ঐ হামলা সময় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার সময় নিরস্ত্র দুজন নাপিত নিহত হন। 

ঐ পাঁচ ফিলিস্তিনির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাইফেলসহ অংশ নেয় হাজারো সশস্ত্র লোক। তারা প্রকাশ্যে আকাশের দিকে গুলি ছুড়ে। এটিকে শোক ও রাগের বহিঃপ্রকাশের প্রতীক মনে করা হচ্ছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১৮৬ ফিলিস্তিনি। এর মধ্যে দখল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ১৩৪ জন এবং গাজা উপত্যকায় ৫১ জন। ১৮৬ ফিলিস্তিনের মধ্যে ৪১ জন শিশু রয়েছে। ৪১ শিশুর মধ্যে আবার ১৭ জন নিহত হয় ইসরায়েলের তিনদিনের অভিযানে। 

জাতিসংঘ বলছে, গত ১৬ বছরের মধ্যে এবার পশ্চিম তীরে সবচেয়ে বেশি হতাহতের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা।  

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!