খেরসনে রাশিয়ার হামলায় নিহত ৩২
সেনা প্রত্যাহারের পর দুই সপ্তাহ ধরে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার অনবরত হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।
ইউক্রেনীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকোর বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে মস্কোপন্থি বাহিনী প্রত্যাহারের পর থেকে দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।
.png)
প্রায় নয় মাস দখলে রাখার গত ১১ নভেম্বর খেরসন শহর থেকে সেনাদের প্রত্যাহার করে রাশিয়া।। রুশ বাহিনী এখন ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান করছে, যেখান থেকে শহরটিতে নিয়মিত গোলাবর্ষণ করে চলেছে তারা।
ইউক্রেনের ন্যাশনাল পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, প্রতিদিনই রাশিয়ার হামলায় খেরসন শহরকে ধ্বংস হচ্ছে এবং শান্তিপূর্ণ স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে। সর্বোপরি শহরটি ছেড়ে চলে যাওয়ার পর থেকে খেরসন অঞ্চলে ৩২ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে রাশিয়া।’
তিনি আরো বলেন, বাধ্য হয়ে দেশের শান্ত অঞ্চলে আশ্রয় নিতে অনেক লোক এখান থেকে সরে যাচ্ছে। কিন্তু অনেক বাসিন্দা তাদের বাড়িতেই থাকছেন এবং আমাদের তাদের সর্বোচ্চ সম্ভাব্য নিরাপত্তা দিতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র সহকারী শনিবার জানান, শহরের বিদ্যুৎ সংযোগ ফের চালু করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেন শিগগিরই এ অঞ্চল ছেড়ে যেতে চায় এমন লোকদের সরিয়ে নেয়া শুরু করবে।
পুলিশ প্রধান ক্লাইমেনকো আরো বলেন, তদন্তকারীরা এ অঞ্চলে রাশিয়ান সেনা এবং তাদের সহযোগীদের সংঘটিত যুদ্ধাপরাধ হিসাবে মোট ৫৭৮টি ঘটনা রেকর্ড করেছেন।
তবে রুশ বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো অত্যাচার-নিপীড়ন চালানোর অভিযোগ নিয়মিতভাবেই অস্বীকার করে থাকে মস্কো।