মহড়ার জবাবে শতাধিক কামানের গোলা ছুড়লো উত্তর কোরিয়া
দক্ষিণ সীমান্তে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার জবাবে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অন্তত ১৩০টির বেশি গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
সোমবার (৫ ডিসেম্বর) ছোড়া গোলাগুলোর মধ্যে কয়েকটি বাফার জোনে পড়েছে বলে দাবি সিউলের।
এ ঘটনাকে ২০১৮ সালে সীমান্তে উত্তেজনা সৃষ্টিকারী যেকোনো ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করে স্বাক্ষরিত আন্তঃকোরীয় সামরিক চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে সিউল।
.png)
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই গোলাবর্ষণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তরের কাছে কিছু সতর্কবার্তা পাঠিয়েছে।
এদিকে উত্তর কোরিয়া বলছে, সংবেদনশীল এলাকায় বেশকিছু ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা টের পেয়েই পাল্টা প্রতিক্রিয়ায় কামানের গোলা ছুঁড়েছে তারা।
আরো পড়ুন>> বিশ্বের ব্যয়বহুল শহর নিউইয়র্ক-সিঙ্গাপুর
একজন সামরিক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এমন পরিস্থিতি ঘটলে তারা আরো জোরালো পদক্ষেপ নেবে।
প্রসঙ্গত, কোরিয়া উপদ্বীপের মাঝামাঝি চেওরওন কাউন্টির সীমান্তের কাছে একটি যৌথ স্থলভিত্তিক ফায়ারিং ড্রিল পরিচালনা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবারও তাদের মহড়া চলবে। এ নিয়েই সাম্প্রতিক উত্তেজনার শুরু।
২০১৮ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মাঝে কয়েক দফা বৈঠক হয়। ওই বৈঠকের পর দুই দেশের মাঝে ব্যাপক সামরিক চুক্তি (সিএমএ) স্বাক্ষরিত হয়।
তবে এই চুক্তির পর আশার আলো দেখা গেলেও দুই কোরিয়ার মাঝে দীর্ঘদিনের অচলাবস্থার অবসানের আলোচনা থমকে গেছে।
সূত্র: রয়টার্স