ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার বালি ও জাভা দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি এ তথ্য নিশ্চিত করেছে।
ভূপদার্থবিদ্যা সংস্থা জানায়, শক্তিশালী ভূমিকম্পটি পূর্ব জাভা প্রদেশের দক্ষিণ উপকূলে এবং বালির ডেনপাসারের ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূখণ্ডের ১০ কিলোমিটার গভীর থেকে অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির আশঙ্কা করা হয়নি।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব জাভা প্রদেশ ও বালিতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
.png)
এর আগে, গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিন শতাধিক মানুষ নিহত হন।
পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে ইন্দোনেশিয়ায়। কম্পন প্রবণ এলাকায় (প্যাসিফিক রিং অব ফায়ার) ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পাশ ঘেঁষে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। ২০০৪ সালে ৯.১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্পের পর ভয়াবহ সুনামির মুখে পড়ে দেশটি।