ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারাল ২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ১২ জানুয়ারি ২০২৩
ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারাল ২ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) উত্তর-পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আহমেদ আবু জুনায়েদ (২১) নামে এক ফিলিস্তিনি যুবক। একই দিন পৃথক আরেক ঘটনায় সানাদ সামামরেহ নামের আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়।

ইসরায়েলি বাহিনীর দাবি, শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় বন্দুক যুদ্ধে আবু জুনায়েদ নিহত হন। এদিকে রাস্তার এক ইহুদি পথচারীকে লক্ষ্য করে ছুরি হামলা চালানোর চেষ্টা করায় সানাদ সামামরেহ নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় কয়েকটি গুলির চিহ্ন ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

তবে ফিলিস্তিন প্রশাসনের দাবি, বিনা উসকানিতেই ইসরায়েলি বাহিনী এসব হত্যাকাণ্ড চালিয়েছে।

আরো পড়ুন>> রুম হিটার থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আলজেরিয়ায় ১৭ জনের মৃত্যু

সম্প্রতি পশ্চিমতীরের শরণার্থী শিবিরগুলোতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতে এবং সন্ত্রাসীদের ধরতেই অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে ফিলিস্তিনের অভিযোগ, শরণার্থী শিবিরগুলোতে সাধারণ মানুষ বসবাস করছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দখলকৃত অঞ্চলে সহিংসতা অব্যাহত থাকায় এটি সর্বশেষ হতাহতের ঘটনা। তার মৃত্যুতে ২০২৩ সালে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা তিনজন শিশুসহ পাঁচজনে পৌঁছেছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!