ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের তাণ্ডবে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৪, ৩১ জানুয়ারি ২০২৩
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের তাণ্ডবে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী শীতকালীন ঝড়ের তাণ্ডবে বাতিল করা হয়েছে ১ হাজারেরও বেশি ফ্লাইট।

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা ১ হাজার ১৯টি। এর মধ্যে অধিকাংশ ফ্লাইটই সাউথওয়েস্ট এয়ারলাইনসের। এয়ারলাইনসটি কম দামে সেবা দেয়ার জন্য বহুল পরিচিত।

Advertisement

সাম্প্রতিক মাসগুলোতে ফ্লাইট বাতিলের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনস। শৈত্যঝড়ের কারণে এখন পর্যন্ত এয়ারলাইনসটি ১৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সোমবার কোম্পানিটি তাদের প্রায় ১২ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস ৬ শতাংশ বা ২০০টি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রায় ৭৯৭টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন>> মসজিদের ধ্বংস্তুপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ, নিহত বেড়ে ৯৩

এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনস এবং অন্যান্য প্রধান মার্কিন এয়ারলাইনস শীতকালীন আবহাওয়ায় গ্রাহকদের তাদের ভ্রমণপথ পরিবর্তন করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে যাত্রীরা বাড়তি খরচ না করেই ভ্রমণের পথ পরিবর্তন করতে পারবে।

উল্লেখ্য, গতমাসের শেষ দিকে উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবল শীতকালীন ঝড়ের কারণে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা যায় ৩৪ জন।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসটুডে জানিয়েছে, সর্বশেষ আবহাওয়ার তথ্যানুসারে যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি অঙ্গরাজ্য এ শৈত্যঝড়ের কবলে পড়তে পারে। এর মধ্যে টেক্সাস এবং আরকানসাসে ভারি তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এর বাইরেও ওহিও, টেনেসি ও ওকলাহোমায় এ শৈত্যঝড় বয়ে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!