ফিলিস্তিনিদের উপর হামলায় ইসরায়েলকে জর্ডানের হুমকি
পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের উপর ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরায়েল বাহিনী। এই হামলায় ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ। এই হামলার ঘটনায় ইসরায়েলকে হুমকি দিয়েছে জর্ডান।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও রাষ্ট্রদূত সিনান আল-মাজালি এক বিবৃতিতে বলেছেন, ‘যদি মসজিদ খালি করে দেওয়ার জন্য ইসরায়েলি পুলিশ আবারো ইবাদতকারীদের ওপর হামলা চালায়, মসজিদে অনুপ্রবেশের চেষ্টা চালায়, তাহলে বিষয়টি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে এবং সহিংসতার দিকে নিয়ে যাবে, যার জন্য সবাইকে এর চড়া মূল্য দিতে হবে।’
তিনি আরো বলেছেন, ‘এই পবিত্র মাসে যদি আল-আকসা মসজিদে ইসরায়েলি অনুপ্রবেশ বন্ধ না হয় এবং ইবাদতকারীদের ভয়ভীতি প্রদর্শন বন্ধ না হয়, তাহলে জেরুজালেম এবং ফিলিস্তিনির দখলকৃত অঞ্চলগুলোতে সংঘর্ষ বাড়ার সব দায় ইসরায়েলি সরকারকে নিতে হবে।’
.png)
আরো পড়ুন>> বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৪
জর্ডান এমন হুমকির পর একটি বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানায়, ‘আল-আকসার ভেতর যারা নিজেদের অবরুদ্ধ করে রাখছে, তারা বিপজ্জনক। তারা হামাস এবং অন্যান্য উগ্র দলগুলোর দ্বারা অনুপ্রাণিত।’
এছাড়া জর্ডানের নিয়োগকৃত ওয়াকফ গার্ডকে মসজিদের ভেতর থাকা মানুষদের সরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর আর কোনো মন্তব্য করেনি জর্ডান।
উল্লেখ্য, গত বুধবার আল-আকসা মসজিদের ভেতর দুই দফা হামলা চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ওইদিন অনেক মুসল্লি মসজিদের ভেতর অবস্থান নেন। তাদের সরিয়ে দিতে মসজিদের ভেতর ঢুকে ব্যাপক হামলা ও মারধর শুরু করেন ইসরায়েলি পুলিশ।
সূত্র: সিএনএন