আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২৫
আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
বুধবার (৭ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়েছে, সার-ই পোল প্রদেশের সায়াদ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী।
.png)
আরো পড়ুন>> ২০০ বছরে এমন তাপমাত্রা দেখেনি দক্ষিণ-পূর্ব এশিয়া
প্রদেশের তালেবান পুলিশের মুখপাত্র দিন মোহাম্মদ নাজারি সড়ক দুর্ঘটনা এবং এর ফলে বহু মানুষ নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজারি বুধবার বলেন, অসাবধানতাবশত গাড়ি চালানোর কারণে একটি মিনিবাস (হাইস) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে উপত্যকায় পড়ে যায়।
তালেবান কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জন নারী, আটজন শিশু এবং চারজন পুরুষ। তারা আলটো থেকে সার-ই পোল প্রদেশের সায়াদ জেলার খাজা ইয়াগানা গ্রামে যাচ্ছিলেন।
আরো পড়ুন>> পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা
অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এপি বলছে, সম্প্রতি আফগানিস্তানজুড়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এর ফলে অসংখ্য মানুষ হতাহত হয়েছেন।
কর্মকর্তাদের মতে, অসাবধানে গাড়ি চালানো, পাকা রাস্তার অভাব, যানবাহন ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করা এবং ট্রাফিক আইন মেনে চলার ব্যর্থতার কারণে এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।