মঙ্গলবার (২২ আগস্ট) গভীর রাতে মক্কায় প্রচণ্ড ঝড় ও বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে। পরের দিন সকাল পর্যন্ত এ ঝড় চলতে থাকে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, বজ্রপাতে নিহত ওই ব্যক্তির নাম - মোহাম্মাদ আল তাওইম। তিনি মিনা এলিমেন্টারি স্কুলের শিক্ষক। ঝড়ের মধ্যে গাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতে নিহত হন তিনি।
.png)
প্রচণ্ড ঝড়ে বিপদে পড়েন ওমরা পালনকারী মুসল্লিরাও। ঝড়-বাতাসের কারণে কাবা চত্ত্বর থেকে তাদের সরে যেতে হয়েছে। সঙ্গে ছিল তুমুল বৃষ্টি ও বজ্রপাত। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। এছাড়া গত ২৪ ঘণ্টায় মক্কায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি এ তথ্য জানান।
মক্কার স্থানীয় বাসিন্দা মোহাম্মাদ বলেন, হঠাৎ করেই ঝড় শুরু হয়। এতে ওমরা পালনকারীরা বাতাসের কারণে কাবা চত্ত্বরে দাঁড়াতে পারেনি। বাতাসের কারণে অনেকের উড়ে যাওয়ার মতো অবস্থা হয়। মুহূর্তের মধ্যেই সব লণ্ডভণ্ড হয়ে যায়। এরপরই শুরু হয় তুমুল বৃষ্টি।
অন্য এক বাসিন্দা আবু মায়াদ্দা বলেন, আমি সিগারেট এবং পেট্রোল কিনছিলাম। এ সময় হঠাৎ করেই ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে সব ওলটপালট হয়ে যায়। আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ঝড়ের কারণে সামনে কিছুই দেখতে পারছিলাম না।
এদিকে মক্কায় ঝড়ের কারণে স্থানীয় সরকার স্কুল বন্ধ ঘোষণা করেছেন। অন্যদিকে মক্কার আবহাওয়া অফিস আবারও ঝড় হতে পারে সতর্কতা জারি করেছে।