ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ২১ জানুয়ারি ২০২৪
এবার স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হলেন স্বামী
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাব প্রদেশে সম্প্রতি ছদ্মবেশে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হন এক যুবক। সামাজিক যোগযোগমাধ্যমে বেশ আলোচিত হওয়ার পাশাপাশি খবরের শিরোনামেও আসে ঘটনাটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই কাণ্ড ঘটল দেশটির পশ্চিমবঙ্গের মালদহে। স্থানীয় একটি কলেজে জাল অ্যাডমিট কার্ড নিয়ে স্ত্রীর হয়ে পরীক্ষায় বসে হাতেনাতে গ্রেফতার হয়েছেন স্বামী।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে ভুয়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে বসে এক যুবক। তার কাছে থাকা অ্যাডমিট কার্ড দেখে সন্দেহ হয় পরীক্ষকের। নাম লেখা পুষ্পা চৌধুরী অথচ ছবি পুরুষের। ওই নকল অ্যাডমিট কার্ড দেখার পরই পরীক্ষাকেন্দ্র চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে অ্যাডমিট কার্ডটি পাঠান। পরে দেখা যায় সেটি জাল।

এ ঘটনায় যুবক সিদ্ধার্থ শংকর দাসকে হাতেনাতে ধরেন পরীক্ষকেরা। জিজ্ঞাসাবাদ করলে নিজের আসল পরিচয় জানায় ওই যুবক। এরপর তাকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। প্রথমে পুষ্পাকে নিজের বোন বলে পরিচয় দেয়। পরে পুলিশি তদন্তে জানা যায়, পুষ্পা তার স্ত্রী। সিদ্ধার্থ জানান, স্ত্রী অসুস্থ থাকায় তিনি পরীক্ষা দিতে এসেছেন।

Advertisement

এদিকে এই ঘটনা সামনে আসতেই চাঁচল কলেজ কর্তৃপক্ষ স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করে। ওই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, তৃতীয় বর্ষের ছাত্রী পুষ্পা চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারছেন না। তাই স্ত্রীকে পরীক্ষায় পাস করতে জালিয়াতির পথে হাঁটেন স্বামী।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!