ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হামলার বিষয়ে রাশিয়াকে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ২৩ মার্চ ২০২৪
হামলার বিষয়ে রাশিয়াকে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

রাশিয়াতে বড় কোনো জমায়েতে হামলা হতে পারে বলে নিজেদের আশঙ্কার কথা জানিয়ে চলতি মাসের শুরুর দিকে দেশটিকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্র রাশিয়াতে অবস্থানরত তাদের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করলেও ক্রেমলিন এই সতর্কবার্তাকে ‘প্রপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

শুক্রবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বিবৃতিতে বলেন, এই মাসের শুরুর দিকে, মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল। ওয়াশিংটন এ তথ্য রুশ কর্তৃপক্ষকে জানিয়েছিল। 

শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

রুশ সংবাদমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেন, মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় ইউক্রেনের বা ইউক্রেনীয়দের সম্পৃক্ততার কোনো আভাস পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!