সৌদির উপকূলে জরুরি সংকেত, উধাও মার্কিন হেলিকপ্টার
সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের আকাশে জরুরি সংকেত দেওয়ার পর মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর সিকোরস্কি এমএইচ-৬০আর ‘সিহক’ হেলিকপ্টারটি ‘ভিভিএইচআর৫১২’ কল সাইন ব্যবহার করছিল। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি জরুরি সংকেত পাঠায়। সে সময় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৭৫ ফুট উচ্চতায় উড়ছিল।
জরুরি সংকেত দেওয়ার পর বিভিন্ন ট্র্যাকিং সার্ভিসে হেলিকপ্টারটির উচ্চতা শূন্য দেখাতে শুরু করে। এরপরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে জরুরি পরিস্থিতির কারণ কী ছিল কিংবা হেলিকপ্টারটিতে থাকা ক্রুদের অবস্থা কী—এ বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি প্রতিবেদনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা বা সামরিক কর্তৃপক্ষ এখনো এ তথ্য নিশ্চিত করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি